মাহফুজুর রহমান, সোনাইমুড়ী থেকে : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মুদি ও চায়ের দোকানসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানে সার বিক্রি করা হচ্ছে। সার ও কীটনাশক এসব দোকানে রেখে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। অথচ বিধিতে বলা আছে রাসায়নিক সার বা কীটনাশক বিক্রি করতে হলে আলাদা গোড়াউন ও বিক্রির প্রতিষ্ঠান থাকতে হবে। এসব সার কীটনাশকের দোকানে পর্যবেক্ষণ ব্যবস্থার জোরদার না থাকায় বিধি নিষেধ মানছে না কেউ। সার কীটনাশক বিক্রি করছে যে যার মতো। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সের সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাইমুড়ী বাজারে কালীবাড়ি রোডে শামছুউদ্দিন মুদি দোকানের পাশাপাশি কীটনাশক ও সারের পসরা সাজিয়ে বসেছে। সেখানে রয়েছে সার, কীটনাশক ও মুদি দোকানের বিভিন্ন খাদ্যদ্রব্যের মালামাল। একই দোকানে একাধিক ব্যবসা। সাইফুল স্টোরে ইমাম হোসেনের দোকানে গিয়ে দেখা যায় একই অবস্থা। তিনি খুচরা সার পরিবেশক। তবে তার কোনো সার রাখার গোড়াউন নেই। মুদি দোকানের পাশাপাশি সারও বিক্রি করে থাকে। তার দোকানে খাদ্যদ্রব্যের সঙ্গে সার ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চালের খোলা বস্তার সঙ্গে সারের খোলা বস্তা থেকে খুচরা সার বিক্রি করছে। সোনাইমুড়ী বাজারের কালী বাড়ি রোডে রায়হান স্টোর মুদি দোকান। সে দোকানের সামনে কীটনাশক ও রাসায়নিক সারের পসরা সাজিয়ে রেখেছেন। দোকানদার খাদ্যদ্রব্যও বিক্রি করছেন, সার ক্রেতাদের কাছেও খুচরা বিক্রি করছেন।
সোনাইমুড়ীতে প্রত্যেকটি ইউনিয়নে একজন করে বিসিআইসি সার পরিবেশক রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে নয়জন করে খুচরা সার পরিবেশক রয়েছে। এসব বিসিআইসি সার পরিবেশক থেকে খুচরা সার ডিলাররা সার নিয়ে বিক্রি করার বিধান রয়েছে। কিন্তু দেখা গেছে কতিপয় বিসিআইসি সার পরিবেশকরা খুচরা সার ডিলার ছাড়াও বিভিন্ন দোকানির কাছে চড়া দামে সার বিক্রি করছে। এসব দোকানিরা সার নিয়ে খাদ্যদ্রব্যের পাশাপাশি দোকানে পসরা সাজিয়ে সার বিক্রি করছে।
নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন খুচরা সার পরিবেশক অভিযোগ করে জানান, কিছু বিসিআইসি সার ডিলার খুচরা ডিলারদের কাছে বিক্রি না করে চড়া মূল্যে কালো বাজারে সার বিক্রি করছে। এসব সার কালোবাজারীরা নিয়ে বিভিন্ন মুদি দোকানে সার বিক্রি করছে। আর এই সব কর্মকান্ডে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অবৈধ আর্থিক লাভবান হয়ে সহযোগিতা করে থাকেন। সোনাইমুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম রোমেল জানান, কিছু কিছু পরিবেশক সার বিভিন্ন খাদ্যদ্রব্যে দোকানে বিক্রি করছে, তা সত্য। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।