জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, গত ১৫ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা এলাকায় নিজ বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মা মঞ্জিলা বেগম জিরাকে ছুরিকাঘাতে হত্যা করে ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এ সময় গাছ ব্যবসায়ী ফরিদ মন্ডলকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
ঘটনার পরদিন নিহতের আরেক ছেলে জীবন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালায় পুলিশ।
অবশেষে আজ ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নাওভাঙ্গা চর এলাকা থেকে মঞ্জুকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি আতিক।