প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন ফ্যামেলী কার্ড মানে একটি হতদরিদ্র পরিবারের নিম্ন আয়ের সাথে বাড়তি হিসেবে যোগ করা।
পাইলটিং প্রকল্প হিসেবে শুরু হলেও ইনশাল্লাহ আমাদের সরকারের মাধ্যমে পর্যায়ক্রমে তা পুরোপুরিভাবে বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন। আত্ম সম্মানের কথা চিন্তা না করে চাষ-বাশ করে খাদ্য উৎপাদন করতে হবে। যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না। মন্ত্রী আরো বলেন দেশপ্রেমিক নাগরিক কখনো পরনির্ভরশীল হতে পারে না। তারা দেশের উর্বর মাটিকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে জানে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সহ এই জনপদকে একটি মডেল এলাকায় রুপান্তরিত করা হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১৬ মে শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি পলি রানী দেবের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মাসন সিংহ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রফিক, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, এএসপি (সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিএনপি নেতা মুহিবুল হক মুহিব, ইলিয়াস উদ্দিন লিপু, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জিলানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল প্রমুখ। এছাড়াও সরকারি পদস্হ কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাইলটিং প্রকল্প হিসেবে ফ্যামেলী কার্ড বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়। এই অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৪৬৫টি পরিবারকে ফ্যামেলী কার্ডের আওতায় আনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সাথে সাথে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলা হলরুমে উপস্থিত উপকাভোগী পরিবারের নারীদের হাতে ফ্যামেলী কার্ড তুলে দেন।
এর আগে জৈন্তাপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।