জামালপুরের মাদারগঞ্জে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ করা ভিজিডি কার্ডের ৩০ কেজির ৪৬ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব ১৪।
আজ মঙ্গলবার (১২ মে) বিকাল ৫ টায় সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকা থেকে এ চাল গুলো উদ্ধার করা হয়। জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর গ্রামের ওসমান মন্ডলের ছেলে সাজেল ও সাইফুল এবং হাটবাড়ী এলাকার জাফর মন্ডলের ছেলে সরোয়ার হোসেন পাজি দীর্ঘদিন ধরে সরকারী চাল কেনা বেচা করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব ১৪ কমান্ডার মেজর লাবিদ আহমেদ ও মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) রাসেল দিও’র নেতৃত্বে র্যাব সদস্যরা শামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় সাজেল এর গোডাউনে অভিযান পরিচালনা করে ৪৬ বস্তা উদ্ধার(১৩৮০) কেজি চাল উদ্ধার করেন। এ সময় চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে চাল গুলো উদ্ধার করে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করেন র্যাব।
মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) রাসেল দিও জানান, আসামী সাজেল মিয়া পলাতক রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, তদন্তে আরো কাউকে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জামালপুর র্যাব ১৪ কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।