নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ই এপ্রিল) সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জামালপুর জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া মোঃ মাসুদ আনোয়ার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল আতিক এবং কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ রেজাউল করিম।
আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে মাদকবিরোধী সচেতনতা, ইভটিজিং প্রতিরোধ, সাইবার অপরাধ বিষয়ে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।