বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে বাংলাদেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে। এখন প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নির্ধারিত ওই দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ঢাকাসহ সারাদেশের পাম্প থেকে সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।
এদিকে, জ্বালানির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাস ভাড়া ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সমিতি।
এদিকে সরকারের ওই সিদ্ধান্তের পর পরই অঘোষিতভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছেন ঢাকার গণপরিবহন চালকরা।
যাত্রীদের অভিযোগ, আজ রোববার সকাল থেকে ঢাকার সব গন্তব্যে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন বাস চালক এবং তাদের সহযোগীরা। যাত্রীরা প্রতিবাদ করলে জ্বালানির দাম বেড়েছে বলে জানান তারা। যদিও জ্বালানি তেলের দাম বাড়ার পর রোববার বিকেল পর্যন্ত বাস ভাড়া বাড়ার ঘোষণা দেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
২০২২ সালের আগস্টে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ দশমিক ২০ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর আর বাস ভাড়া বাড়ানো হয়নি। তবে দেশে ডলারের দাম বাড়ায় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাসের বিভিন্ন যন্ত্রাংশের মূল্য বেড়েছে।