মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা প্রকৌশলীর অফিস থেকে সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।
এ ঘটনায় শ্রীনগর থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে অফিস কক্ষ ত্যাগ করেন। এর কয়েক মিনিট পর অফিসে অবস্থানরত ঠিকাদার মিজান দুইটি কক্ষ অতিক্রম করে প্রকৌশলীর কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে তিনি ফাঁকা কক্ষ থেকে একটি এইচপি ব্র্যান্ডের সরকারি ল্যাপটপ সাদা ব্যাগে করে দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ল্যাপটপ উদ্ধারের চেষ্টা হিসেবে অভিযুক্ত মিজানের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, মিজান পরিবারের কারও কথা শুনছেন না।
উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম জানান, চুরি হওয়া ল্যাপটপে এলজিইডি অফিস সংশ্লিষ্ট রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল। তিনি আরও বলেন, প্রায় এক বছর আগে একটি সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় মিজান তার ওপর ক্ষিপ্ত হন। ওই ঘটনায় থানায় মামলাও করা হয়েছিল। পরবর্তীতে মিজানের বিভিন্ন অনিয়মের কারণে তার ১৩টি কাজ বাতিল করা হয়।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।