অর্থনৈতিক ডেস্ক : বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণ কোর্সটি আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উপমহাব্যবস্থাপক মাহবুব উল্যাহ। এ সময় বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মামুনুর রশীদ কিরন বলেন, আমি নিজেও বিসিকের একজন উদ্যোক্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় বিসিকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।