ডেস্ক রিপোর্ট: এবার ১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১৭ হাজার মেট্রিক টন ভাঙা চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
বুধবার (১৭ মার্চ) অনুমতির এই চিঠি খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
১৭ হাজার টন ভাঙা চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চাল আমদানির শর্তে বলা হয়েছে, আগামী ২৮ মার্চের মধ্যে এলসি খুলতে হবে। এলসি খোলা সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। বরাদ্দপ্রাপ্ত আমদানিকারককে এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে পুরো চাল বাজারজাত করতে হবে।
এছাড়াও বরাদ্দে অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি বা ইস্যু করা যাবে না। আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করে বাজারজাত করা যাবে না। প্লাস্টিকের বস্তায় আমদানি করা চাল বিক্রি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এলসি খুলতে না পারলে বরাদ্দ আদেশ বাতিল বলে গণ্য হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।