সারাদেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকালে প্রথম দিন শান্তিপূর্ণভাবে ৫ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল হোসেন, কেন্দ্র সচিব এম.এম.মুহিতসহ অন্যান্য কর্মকর্তা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন সাংবাদিকদের বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখেছি সঠিক নিয়ম ও নীতিমালা মেনেই প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ১৪৪ ধারা জারি করেছি।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলায় ৫টি কেন্দ্রের ৮ টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এবার এই উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬ শ ২৩ জন।