শামীম আহমদ তালুকদার, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের ছাতকে খুরমা দক্ষিণ ইউনিয়নের মনিজ্ঞাতি, মানিকগঞ্জ ভায়া পালপুর সড়কের সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত বুধবার স্থানীয়রা উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলেছেন কর্মরত শ্রমিকদের।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতুয়া-পালপুর সড়কের কাজে দ্বিতীয় প্যাকেজে মুনিরজ্ঞাতি, মানিকগঞ্জ ভায়া পালপুর সড়কে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার ২শ ফুট রাস্তার মাটি কাটা কাজ, গাইড ওয়াল ও আরসিসি উন্নয়ন কাজ পায় হাসান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, ৩নং ইট দিয়ে গাইড ওয়াল, ভিটমাটি দিয়ে গাইড ওয়ালে গাঁথুনি ও গাইড ওয়ালের নিচের ঢালাই কাজে ৩ ইঞ্চির পরিবর্তে ২ থেকে আড়াই ইঞ্চি করা হচ্ছে। এ ছাড়া সড়কের দুই পাশে ৩ ফুট করে মাটি ভরাট করার কথা থাকলেও দেড় থেকে ২ ফুট করে মাটি ভরাট করা হচ্ছে। অন্যদিকে মাটি ভরাট কাজে স্লোপ না থাকায় একটু বৃষ্টির জলে মাটি ধসে রাস্তা ভেঙে যাওয়ার আশংঙ্কা রয়েছে। বালু, পাথর ও সিমেন্টের মিশ্রনে পুকুর চুরির অভিযোগ স্থানীয়দের। প্রথমদিকে পাথর ৪ বালু ২ ও ১ বস্তা সিমেন্ট দিয়ে মিশ্রন করা হলেও এখন পাথর ৬ বালু ৪ ও ১ বস্তা সিমেন্ট দিয়ে মিশ্রন করে দায়সারা ভাবে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
এ বিষয়ে মহব্বতপুর গ্রামের আবুল বাসার মুন্না, আজিজুর রহমান আজিজ ও ওয়াহিদুল হক বলেন, গ্রামের আব্দুল কাদির ও উমর আলীর বাড়ির সামনসহ একাধিক স্থানে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাঁটল ধরেছে। তা ছাড়া চলমান ঢালাই কাজ শেষ না হতেই ফাঁটল ধরে ঢালাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কাজে পুকুর চুরি চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজ বন্ধ করে দিতে বলেছেন।
এ বিষয়ে জানতে ড্রিম ইঞ্জিনিয়ারিয়ারিং সাইট ম্যানেজার পরিচয়ে আতিকুল ইসলাম প্রথমেই এ প্রতিবেদকের ক্যামেরা বন্ধ করে কথা বলতে বলেন। একপর্যায়ে ক্যামেরা কেঁড়ে নেওয়ার জন্য তিনি এগিয়ে আসেন। কিছুক্ষণ পর তার মুঠোফোন এগিয়ে দিয়ে আব্দুল খালিক নামে স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক নাম উল্লেখ্য করে কথা বলার জন্য বলেন। এ প্রতিবেদকের মুঠোফোনে কল দেওয়ার কথা বলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষের লোকজন চরম উত্তেজিত হয়ে পড়েন। সড়কের অপরপ্রান্তে হাসান এন্টারপ্রাইজের পক্ষে সাইট ম্যানজার পরিচয়ে নাম উল্লেখ না করে বলেন, আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি। স্থানীয় লোকজন কাজ তদারকি করছেন।
দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির বলেন, পুকুর চুরির মত ঘটনা ঘটছে। কাজ না করার জন্য বলেছি। আমরা প্রয়োজনে নির্বাহী প্রকৌশলী এলজিইডি সুনামগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করবো। এ বিষয়ে ছাতক উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল মুনসুর মিয়া বলেন, গত বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করেছি। সড়কের কাজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।