নিজস্ব প্রতিবেদক : ঢাকার কামরাঙ্গীরচরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিশানী (২০) নামের এক গৃহবধূ।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর বড় ভাই কামাল হোসেন বলেন, গতকাল শনিবার রাতে স্বামী আহাদের সঙ্গে নিশানীর ঝগড়া হয়। সকালে আহাদ টেইলারিংয়ের কাজে দোকানে চলে যান। পরে সবার অগোচরে বাসায় ঘরের দরজা বন্ধ করে দেয় নিশানী। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরও পড়ুন : ফেনীতে গরম রসে পড়ে শিশুর নির্মম মৃত্যু