ঘুর্ণিঝড় রেমালে লন্ডভন্ড পাইকগাছার সোলাদানা বাজার থেকে ভাঙ্গাহাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের সলিং রাস্তা চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ এড়াতে অবশেষে স্বেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কার করছে এলাকাবাসী।
উপজেলার সোলাদানা বাজারের ইটের সলিং রাস্তার শেষাংশ থেকে বয়ারঝাপার ভাঙ্গাহাড়িয়া পর্যন্ত রাস্তা ঘুর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড হয়। তাতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার। এবং সব ধরনের যানবাহন একপ্রকার চলাচল বন্ধ থাকে। অথচ কেহই রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি।
প্রায় দেড়মাস পর স্থানীয়রা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে রাস্তাটি মাটি দিয়ে সংস্কার শুরু করেছে। প্রায় এককিলোমিটার রাস্তা রেমালের আঘাতে লন্ডভন্ড হয়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত যান্ত্রিক বাহন ও লোকজন চলাচল করে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, শিবসা নদীর পাশ দিয়ে বহমান এ রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। যা সংস্কার করা খুবই জরুরী। কিন্তু এ ব্যাপারে কারো কোন উদ্যোগ না থাকায় এলাকাবাসীর দাবীর মুখে সেচ্ছাশ্রমে মাটি দিয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মোটামুটি সংস্কারের কাজ করছি। ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকাতেও কাজ করা হবে।