জামালপুরের ইসলামপুর উপজেলার ৫নং নোয়াপাড়া ইউনিয়নের কাঠমা কৃষ্ণনগর মৌজায় প্রায় ৫০০ একর ফসলি জমি দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে স্থানীয় কৃষক ও ভূমির মালিকরা এ কর্মসূচি পালন করেন। এতে এলাকার শত শত ভুক্তভোগী কৃষক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাদল আকন্দ, রেজাউল করিম, আব্দুল লতিফ, হুমায়ুন কবির, জহুরুল মেম্বার, সোলায়মান মেম্বার, কামরুল ইসলাম ও আসাদ মাস্টারসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রামাণিক, রফিক উদ্দিন প্রামাণিক ও আব্দুল হামিদ প্রামাণিকের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে কৃষকদের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। প্রকৃত মালিকদের কাছ থেকে জোরপূর্বক জমি দখলের এই চেষ্টার প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় কৃষক হুমায়ুন কবির বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে আমরা কোনোভাবেই মেনে নেব না। সরকারের কাছে দাবি জানাই—দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”
কামরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না এলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”