জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী রিনা বেগম (৪০) এবং তাদের পাঁচ বছর বয়সী নাতি হাসিফ। স্থানীয় হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী রিনা বেগম জানান, “সকালে রাজা, সেন্টু, মিন্টু, পিয়ার আলী, ইব্রাহিমসহ কয়েকজন আমাদের সীমানার ভেতরে ঘর নির্মাণ শুরু করে। আমরা বাধা দিলে তারা আমার স্বামী ও আমাকে বেধড়ক মারধর করে। আমার স্বামীকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করা হয়। হামলার সময় আমাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
এ ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”