জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় অবস্থিত দুবাই হসপিটাল–এ সিজারে পর মোছা. রিতু আক্তার (২১) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চিকিৎসকের অবহেলা ও অযোগ্য ব্যবস্থাপনার কারণে ওই নারী মারা গেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিন রিতু আক্তারকে প্রসবজনিত সমস্যা নিয়ে দুবাই হসপিটালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অপারেশন করার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ইতোমধ্যে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে এবং ঘটনার সত্যতা নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, “ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি চিকিৎসকের অবহেলা বা আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় এলাকাবাসী ও সমাজকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্বাস্থ্যসেবায় নজরদারি আরও জোরদার দাবী উঠছে।