কিশোরগঞ্জের ভৈরবে শ্রদ্ধা ও ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার রাতে প্রথম প্রহরে উপজেলার পরিষদ চত্বর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প ও বাণিজ্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর পক্ষে বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ পৌরসভা, উপজেলা বিএনপি,উপজেলা ও পৌর যুবদল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব থানা, সাব রেজিস্ট্রার অফিস, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদ , সহকারী কমিশনার ভূমি এ এইচ এম আজিমুল হক, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কিশোর কুমার ধর , থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি, আধা স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে ছয়টায় ভৈরবে বিভিন্ন স্থান থেকে শুরু হয়ে পৌর কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
পরে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য বাদ যোহর মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।