জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে।
একই সঙ্গে এ ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা বিএনপির নেতারা। শনিবার দুপুরে উপজেলার হাই স্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মাহমুদুল আলম বাবু ও তার অনুসারীরা। হামলায় কয়েকজন আহত হন বলেও দাবি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ ৮ দিন পেরিয়ে গেলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন। তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য বিএনপি নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী।