জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার সংলগ্ন নান্দিনা মৌজায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমি পরিমাপ ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, নান্দিনা মৌজার ৫০৫ খতিয়ানের বিআরএস ৬৩ ও ৬৪ দাগভুক্ত পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৪ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। অভিযোগে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ–এর আব্দুল হামিদ মিয়া ছাত্রাবাস সংশ্লিষ্টদের বিরুদ্ধে জবরদখলের কথা উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
অবৈধ দখলমুক্ত করে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১২ শতাংশ জমি দ্রুত উদ্ধার সরকারি উদ্যোগে জমি পরিমাপ করে প্রকৃত সীমানা নির্ধারণ ন্যায়বিচার নিশ্চিত করে প্রকৃত মালিকদের কাছে জমি বুঝিয়ে দেওয়া
এসময় পৈত্রিক সূত্রের জমির মালিক মৃত জুলহাস উদ্দিন, মৃত আব্দুর রাজ্জাক (গাজী), মৃত আব্দুল মান্নান, মৃত ওয়াজেদ আলী ও মো. আনিছুর রহমানের ওয়ারিশ মো. মুরাদ ও কল্পনা বেগম উপস্থিত ছিলেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।