ডেস্ক রিপোর্ট : ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ স্লোগানকে সামনে রেখে ১৪তম জাতীয় আয়কর দিবস উদ্বোধন করা হয়েছে।
আজ (মঙ্গলবার) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
এনবিআরসহ প্রতিষ্ঠানটির ৩১টি কর অঞ্চলে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে জনসমাগমের ঝুঁকি বিবেচনায় আয়কর দিবসে র্যালি করছে না এনবিআর। তবে দিবসটি উপলক্ষে সব আয়কর অফিস সাজানো হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় আয়কর দিবসে বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করেছে। টেলিভিশন চ্যানেলগুলোও বিশেষ আয়োজন রেখেছে।
২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস পালিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি পালিত হত। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর। এদিন ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ারও শেষ দিন।