খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, উপজেলা বন কর্মকর্তা প্রবীর দত্ত, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান বৃক্ষ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।