সারাদেশের মতো কিশোরগঞ্জের ভৈরবেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৭ জুন ) সকালে প্রথম দিন শান্তিপূর্ণভাবে ৫ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল হোসেন, হাজী আসমত সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ প্রফেসর মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ আব্দুর রউফ, জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও পরীক্ষ কেন্দ্রের প্রফেসর মো. আবু হানিফা, কেন্দ্র সচিব – বি. এম ইলিয়াস কাঞ্চন সহ অন্যান্য কর্মকর্তা শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন সাংবাদিকদের বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখেছি সঠিক নিয়ম ও নীতিমালা মেনেই প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ১৪৪ ধারা জারি করেছি।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে। উপজেলায় ৫টি কেন্দ্রের ১ টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮ শ ৮৮ জন। এর মধ্যে ৩ জন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এদিকে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় একাধিক মেডিকেল টিম কাজ করছে বলে জানিছেন তারা।