তাজাম্মূল হুসাইন, মণিরামপুর থেকে:
যশোর জেলার মণিরামপুরে ভূমিহীনদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একশোটি ঘর নির্মিত হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭১ লাখ টাকা। প্রতিটি ঘরের ব্যয় ধঘরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। উপজেলার হাজরাইলে মুক্তেশ্বরী নদীর পাড়ে ও মাছনা বেগমপুরে ৫০ টি করে ঘর নির্মানের কাজ চলছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘরে থাকছে দুইটি কক্ষ, একটি বারান্দাসহ সংযুক্ত শৌচাগার ও রান্নাঘর।
মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় এক লাখ ৭১ হাজার টাকা মূল্যের ২৬২টি ঘর নির্মিত হবে মণিরামপুরে। প্রাথমিকভাবে হাজরাইল ও মাছনায় খাস জমিতে ৫০ টি করে ১০০ ঘরের কাজ চলমান আছে। আগামী ১৫ জানুয়ারি ঘরগুলো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উপযুক্ত খাসজমি পাওয়া গেলে বাকি ঘরগুলোর কাজ শুরুহবে।
এদিকে হাজরাইলে মুক্তেশ্বরী নদীর বিপরীতে সম্বলডাঙা বিলের পাড়ে যে ৫০টি ঘর নির্মাণ হচ্ছে তা লোকালয় বিচ্ছিন্ন। জায়গাটি বসবাসের অনুপযোগী বলে ধারণা অনেকের।
এছাড়া হাজরাইল ও মাছনায় দুই জায়গাতেই ঘরগুলোর ভিতরে বা বাইরে মাটি ভরাটের কাজ করানো হচ্ছে ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে। যদিও ঘরগুলোতে মাটি ভরাটের জন্য সরকারি বরাদ্দ রয়েছে। এই ব্যাপারে পিআইও আব্দুল্লাহ বায়েজিদ বলেন, উপযুক্ত খাস জমি পাওয়া যাচ্ছে না। তাছাড়া উপজেলা ভূমি অফিস জমি নির্বাচন করে দিচ্ছেন। সেই অনুযায়ী ঘর নির্মান করা হচ্ছে। কর্মসূচির লোকদিয়ে ঘরে মাটি ভরাটের জন্য স্যারেদের সিদ্ধান্ত রয়েছে।