ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : সাভারের আশুলিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কল্পনা আক্তার নামে এক নারীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়িরবাজার এলাকায় এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।
হামলায় অভিযুক্তরা হলেন- আশুলিয়ার উত্তর গাজিরচট বুড়িরবাজার এলাকার মোঃ মানিক হাজী, তার ছেলে মো. ফয়সাল, মো. এরশাদ, মো. সালাউদ্দিন, মানিক হাজীর স্ত্রী মোসা. রিনা বেগম, তার মেয়ের জামাই ভাদাইল এলাকার মো. ইসরাফিল, মানিক হাজীর ম্যানেজার মো. সুরুজ মিয়া ও মো. সেকেন্দারসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী কল্পনা আক্তার আশুলিয়ার বাইপাইল মৌজায় সিএস এবং এসএ নম্বর ১০৫, আরএস ৪১৫, বিআরএস ২৭৪৫ নম্বর দাগে ১১.৫০ শতাংশ জমিতে ২৪টি রুম করে ভাড়া দিয়েছেন এবং ২টি রুমে তিনি নিজেই পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উক্ত জমি ও বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা করছিলো। গত ২৭ মার্চ বিকাল ৪ টার দিকে দেশীয় অস্ত্রসহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জমিটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলা চালায়।
এসময় তারা বসতবাড়ির দরজা-জানালা ও দেয়াল ভাঙচুর করে ২০ লাখ টাকার ক্ষতি করে এবং নগদ ১ লাখ ৭০ হাজার নগদ টাকা, ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া দ্রুত জমি খালি না করলে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়ায় আতঙ্কে দিন পার করছেন পরিবারটি।
অভিযোগের বিষয়ে জানতে মানিক হাজী ও তার ছেলেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকাপ্রতিদিন/এআর