“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা কালেক্টরেট কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এসময় জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।