চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফটিকছড়িতে কোনো ফ্যাসিস্ট অপশক্তি কিংবা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না।
যারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর এমপি বৃহস্পতিবার মাইজভাণ্ডার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের প্রতিষ্ঠিত কমপ্লেক্সে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠানের বিষয়টি তীব্র ক্ষোভের সাথে তুলে ধরেন।
তিনি বলেন, “ফটিকছড়ির শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসন কিংবা নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ এই মাটিতে নেই।”
সংসদ সদস্য আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। কেউ যদি আইন অমান্য করে বা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না।”
এসময় তিনি ফটিকছড়ি এলাকায় ফ্যাসিস্টদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি সাধারণ মানুষকে গুজব ও বিভ্রান্তি এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।