রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের শিকার বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক আবুল কাশেম, যিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি বাড়িটির গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে দুটি তাজা গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি সাদা মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি প্রথমে বাড়িটির সামনে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তখন রাস্তায় মানুষের চলাচল বেশি থাকায় তারা সেখান থেকে চলে যায়। পরে মানুষের যাতায়াত কমে গেলে আবার ফিরে এসে গুলি চালিয়ে পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান জানান, দুই ব্যক্তি বাড়িটির গেটে দুই রাউন্ড গুলি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং আলামত জব্দ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।