ফরিদপুরের সালথায় গরু চোরদের ফেলে যাওয়া একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। শুক্রবার দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন সালথা থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে
কয়েকজন চোর ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়াল ঘরে গরু চুরি উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে গেলে চিৎকার শুরু করে। এতে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে চোর পালিয়ে যায়। তবে ফেলে রেখে যায় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক। পরে উত্তেজিত জনতা ট্রাকটি রাস্তার পাশে ঢালে ফেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকার লোকজন চলে আসলে চোরেরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।