বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিকালে শহরের দেওয়ানপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুই ঘন্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া, ৫টি গাড়ি ভাংচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিএনপি নেতা কর্মীরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে।
সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনের লোকজনের ধাক্কাধাক্কি হয়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
আর পুলিশ বলছে- অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন তারা। সংঘর্ষের পর কমিউনিটি সেন্টারে আটকা পড়া কেন্দ্রীয় নেত্রী নিলুফা চৌধুরী মনিসহ বিএনপি নেতৃবৃন্দকে উদ্ধার করে পুলিশ।