রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী গোলচত্বরের হাজী আলম রোড এলাকায় একটি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে।
আজ রোববার (৮ মার্চ ২০২৬) আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেনের মালিকানাধীন ‘মাধবীলতা বিল্ডিং’-এর ভাড়াটিয়া লামিশা কুমকুম কানিজ (১৬) ভবনের ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তিনি জহুরুল আলম মন্টু ও শাকিলা বেগমের মেয়ে। তাদের গ্রামের বাড়ি যশোর জেলার বেনাপোল থানার বেনাপোল এলাকায়।
ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সে এই আত্মঘাতী পদক্ষেপ নেয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “যেহেতু মেয়েটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে, তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
বর্তমানে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।