কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মসজিদের বিদায়ী পেশ ইমাম মাওলানা আব্দুল কাদের এবং মুয়াজ্জিন আমজাদ হোসেনকে ধর্মীয় সেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন এবং বর্তমান পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার ওসি, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা।
বক্তব্যে বিদায়ী ইমাম আব্দুল কাদের ও মুয়াজ্জিন আমজাদ হোসেন তাঁদের কর্মজীবনে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।