ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল সোমবার (৭ জুলাই) রাত ১২ টায় নগরকান্দা বাজারের প্রদিপ স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২ টার দিকে বাজারে আগুন লাগার খবর পেয়ে তারা ছুটে আসেন। তবে গভীর রাতে আগুন লাগায় এবং দোকানের মালিক বগু ভৌমিক,অরুপ ভৌমিক এবং রঞ্জন ভৌমিক বাড়িতে অবস্থান করায় দোকানের তালা খুলতে না পারায় দোকান থেকে কোন মালামাল বের করা সম্ভব হয় নি ।
প্রদিপ স্টোরের মালিক বগু ভৌমিক কান্নাজড়িত কণ্ঠে জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে খাওয়ার পর ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে বাজারের মানুষের ডাকা ডাকিতে উঠে দৌঁড়ে এসে দেখি আমার দোকান ও ছোট ভাইদের দোকান আগুনে পুড়ছে । চোখের সামনেই আমাদের সারা জীবনের সম্বল পুড়ে ছাই হয়ে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নগরকান্দা ফায়ার সার্ভিসের -স্টেশন অফিসার আক্তার হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। নদীতে পাইপ ছেট করে কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়েছেন।