ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাঈদ গ্রেপ্তারের খবরটি শুক্রবার (২৩ মে) দিনভর ফেসবুকে তার ছবিসহ ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আবারও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাঈদকে ঢাকার উত্তরা থানার একটি হত্যা মামলায় সেখানকার পুলিশই তাকে গ্রেপ্তার করেছে।’
তবে তিনি জানান, ‘নবীনগরে বিভিন্ন মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের যেসব নেতার নাম রয়েছে, আবু সাঈদ তাদের অন্যতম। কিন্তু সাঈদসহ বেশিরভাগ নেতা আত্মগোপনে থাকায় নবীনগরের পুলিশ তাকে এতদিন গ্রেপ্তার করতে পারেনি।’
ঢাকাপ্রতিদিন/এআর