ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের ব্রাহ্মণহাটা (নারুই) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনায় আহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।