ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিয়ার জিহাদ (৬) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মানসিক বিকারগ্রস্ত এক বাবা। মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯টার দিকে ঘাতক বাবার দেয়া তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের জল্লা থেকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে নিজেই ছেলেকে হত্যার কথা বলেন।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজান জানান, ঘাতক জোবায়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে তার স্ত্রী তাকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জুলফিয়ার জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া চলে আসেন। ছেলেকে লালনপালন ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হওয়ায় মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন তিনি। ছেলেকে বোঝা মনে হওয়ায় গেল সোমবার দুপুরে তাকে পানিতে ফেলে হত্যা করে।
ঢাকাপ্রতিদিন/এআর