কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে এক বিশাল জনসভা। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশ উন্নয়ন ও প্রশাসনিক সেবার স্বার্থে বাঙ্গরা বাজারকে উপজেলায় রূপান্তরের দাবিকে নতুন গতি দেয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রাখলেও প্রশাসনিক সুবিধার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা সময়ের দাবি। তারা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন কমল সরকার। এসময় বক্তব্য রাখেন বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এম কে আই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
গোলাম কিবরিয়া সরকার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা-সংস্কৃতি ও বাণিজ্যে সমৃদ্ধ বাঙ্গরা বাজার বহু আগেই উপজেলায় উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু প্রশাসনিক জটিলতায় এই অঞ্চলের মানুষ বঞ্চিত হয়ে আসছে। দ্রুত এ দাবি পূরণ করা হলে শুধু এখানকার মানুষের উন্নয়নই নয়, পুরো কুমিল্লা অঞ্চলের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।”
বক্তারা এ দাবিকে যুগোপযোগী ও ন্যায্য উল্লেখ করে অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। জনস্রোতে ভরে যাওয়া এ সমাবেশ থেকে সবাই আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগির সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।