কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতার বাড়িতে নকল সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযানে আবারও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের পাশে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ও তার ভাই জামাল হোসেন বাড়িতে স্থাপন করেছেন একটি অবৈধ কারখানা, যেখানে তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে নকল সয়াবিন তেল। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে ১৪শত খালি বোতল, ৫টি নকল মোড়কের স্টিকার এবং খোলা অবস্থায় থাকা নকল তেল জব্দ করা হয়। এ সময় জাহাঙ্গীর হোসেনের ছেলে ওমর ফারুককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
উল্লেখযোগ্য যে, কয়েক মাস আগেও একই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। তবে এলাকাবাসীর অভিযোগ, দফায় দফায় প্রশাসনিক অভিযান চালানো হলেও রাজনৈতিক ছত্রছায়ায় পুনরায় চালু হচ্ছে এই কারখানা। বাড়ির সামনের বিশাল বিএনপির ব্যানারের আড়ালে অবৈধ কর্মকাণ্ড চলে আসছে দীর্ঘদিন ধরে।
স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর ও জামাল আগে অবৈধ ভারতীয় চিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এখন তারা কারখানায় তৈরি করছেন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল সয়াবিন তেল। তারা বলেন, “অভিযানের পরও বন্ধ হচ্ছে না তাদের ব্যবসা। দলীয় পরিচয় এবং উচ্চ পর্যায়ের নেতাদের সাপোর্টে তারা বহাল তবিয়তেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সাবেক মন্ত্রী কায়কোবাদের ব্যানার বাড়ির সামনে লাগানো। তাই তাকে আমরা কিছু বলার সাহস করতে পারি না। রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা জনস্বাস্থ্যের সঙ্গে এমন প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক।”
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, “অভিযানে প্রমাণ পাওয়া গেছে তারা বিভিন্ন কোম্পানির মোড়কে নকল তেল বোতলজাত করে বিক্রি করছিলেন। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”