ঢাকাপ্রতিদিন অপরাধ ও দূর্নীতি ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান কানুরাম বাজারে নুরুল হক (৫২) নামের এক পল্লী চিকিৎসককে খুন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) আনুমানিক সন্ধ্যা ৬টায় উপজেলার কলাউজান কানুরাম বাজারের আলম মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত পল্লী চিকিৎসক নুরুল হক উপজেলার কলাউজান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বলিপাড়ার আজিজুর রহমানের ছেলে। ঘাতক সজিব বড়ুয়ার বাড়ি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়ায়।তার পিতার নাম খোকা বড়ুয়া।
স্থানীয় ইউপি সদস্য মো. ফরমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইফতারের ৫ মিনিট পূর্বে এ ঘটনা ঘটে। নেশাগ্রস্থ অবস্থায় সজীব বড়ুয়া তর্কাতর্কির একপর্যায়ে নূরুল হকের মুখে কাঁচি দিয়ে আঘাত করে। স্থানীয় ব্যবসায়ীরা নূরুল হককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে পার্শ্ববর্তী জয়নগর বড়ুয়া পাড়ার খোকা বড়ুয়ার ছেলে সজীব বড়ুয়া নেশাগ্রস্থ অবস্থায় নুরুল হকের ফার্মেসির সামনে বসে বকাবকি করে। এতে নুরুল হক বাঁধা দেয়। ক্ষিপ্ত হয়ে সজীব বড়ুয়া পল্লী চিকিৎসক নুরুল হকের গায়ে লাঠি দিয়ে আঘাত করে। পর মুহুর্তে সজীব বড়ুয়া পার্শ্ববর্তী টেইলার্সের দোকান থেকে কাঁচি এনে তার মুখে আঘাত করে।
রক্তাক্ত হয়ে নূরুল হক মাটিতে পড়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানসহ পুলিশ টিম। স্থানীয় লোকজন ধাওয়া করে সজীব বড়ুয়াকে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ-সেনাবাহিনী মোতায়েন আছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকাপ্রতিদিন/এআর