কুমিল্লার মুরাদনগর উপজেলার নিমাইকান্দি গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের নবীপুর পশ্চিম ইউনিয়নের প্রবীণ রুকন মোঃ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণকারী বজলুর রহমান দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমের ছোট ভাই।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর মরহুমের জানাজা নিমাইকান্দি রহিমপুর পঞ্চায়েত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ ন ম ইলইয়াস গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় বলেন, “বজলুর রহমান ভাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ ইসলামী কর্মী। তিনি আজীবন ইসলাম, দেশ ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী একজন অভিজ্ঞ ও ত্যাগী রুকনকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।”
শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।