১৭ বছরের দুঃশাসন আর নির্যাতনের ক্ষত এখনো শুকায়নি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি নেতাকর্মীদের শরীর থেকে। অথচ সেই মুরাদনগরেই এখন উল্টো চিত্র।
বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী প্রচারণায় এখন দাপিয়ে বেড়াচ্ছে বিগত আওয়ামী আমলের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর বর্বরোচিত হামলাকারীরা। এতে ক্ষোভে ফুঁসছেন দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের ক্যাডাররা এখন প্রকাশ্য দিবালোকে বিএনপির প্রার্থীর পক্ষে শোডাউন দিচ্ছে। বিশেষ করে কলেজ পাড়ার কুখ্যাত হেলাল উদ্দিন, যিনি গত জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর তীব্র আক্রমণের মূল হোতাদের একজন ছিলেন, তাকে গতকাল সদলবলে রাজপথে বড় ধরনের শোডাউন দিতে দেখা গেছে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলেও হঠাৎ করে বিএনপির মিছিলে তার এই রাজকীয় প্রত্যাবর্তন সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে চরম বিস্ময় সৃষ্টি করেছে।
বিএনপির তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীরা অভিযোগ করে বলছেন, দীর্ঘ ১৭ বছর যারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বিএনপির কর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতন চালিয়েছে, আজ তারাই কায়কোবাদের প্রশ্রয়ে ‘নব্য বিএনপি’ সেজেছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত এসব সন্ত্রাসীদের দলে ভেড়ানোয় নির্বাচনী প্রচারণায় এক ধরনের অস্বস্তি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক প্রবীণ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা বছরের পর বছর জেল খেটেছি। আর এখন দেখছি জুলাই বিপ্লবের হত্যাকারীরা আমাদের প্রার্থীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে! এটি শহীদদের রক্তের সাথে বেইমানি। এসব সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী আমলের চিহ্নিত সন্ত্রাসীদের এভাবে পুনর্বাসন করা হলে সাধারণ ভোটারদের মাঝে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, তারা বিষয়টিকে সহজভাবে নিচ্ছেন না। মুরাদনগরে বিএনপির এই ‘সন্ত্রাসী তোষণ’ নীতি ভোটের মাঠে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপি অবিলম্বে হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাজপথের প্রকৃত লড়াকু সৈনিকরা অবহেলিত না হয় এবং খুনি-সন্ত্রাসীরা রাজনীতির মূলধারায় জায়গা না পায়।