কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড রোধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার উত্তরপাড়া ও রামচন্দ্রপুর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই অনুমোদন ছাড়া বোতলজাত পানি বিক্রির দায়ে জমজম ড্রিংকিং ওয়াটারকে ৫ হাজার টাকা এবং বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অনুমোদন ছাড়া খাদ্য ও পানীয় উৎপাদন বা বিক্রি করা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
এছাড়া রামচন্দ্রপুর বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকার সমমূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়। মাছের প্রজনন ধ্বংস করে জলজ পরিবেশের ক্ষতি করায় এ ধরনের জাল ব্যবহার আইনত নিষিদ্ধ।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বলেন, “মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলবে। ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি কিংবা পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
এ সময় ভোক্তাদের সচেতন হতে এবং লাইসেন্সবিহীন পানি কিংবা ভেজালজাত দ্রব্য ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাছের বংশবৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় জনগণকে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।