গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২২৫ পিস ইয়াবাসহ স্বামী–স্ত্রীকে আটক করা হয়েছে। রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ বরমী ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে মোট ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামের হুকুম আলীর ছেলে সালাউদ্দিন (৪২) এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী এলাকার রফিক ও আমেনার মেয়ে রিনি আক্তার (৩০)। পুলিশ জানিয়েছে, তারা স্বামী–স্ত্রী।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে স্বামী–স্ত্রী মিলে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটক সালাউদ্দিনের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা এবং রিনি আক্তারের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ নাছির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।