কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চেক জালিয়াতি, ভূমি দখল, অগ্নিসংযোগ, সন্ত্রাসী নাশকতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মতো গুরুতর অপরাধের একাধিক মামলার আসামি মোহাম্মদ আলীর গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির বাতাস বইছে।
আজ শনিবার বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের চেষ্টার পর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় গত বুধবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর ঝর্ণা পাড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ঢাকার পল্টন থানায় দায়ের করা একটি ছাত্র হত্যা মামলায় আদালতে উপস্থাপন করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ওসি আরও জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে, যা আদালতে ফরওয়ার্ড করা হবে। একইসঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার সম্পৃক্ততা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকাবপুর গ্রামের এই সন্ত্রাসী দীর্ঘ ১৫ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে জমি দখল, অর্থ আত্মসাৎ, মামলা বাজি, মারধরসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে সে। ঢাকার পল্টন, চট্টগ্রামের পাহাড়তলী ও বাঙ্গরা বাজার থানায় তার বিরুদ্ধে অন্তত ৮-৯টি মামলা রয়েছে।
মোহাম্মদ আলীর গ্রেফতারের খবরে কুমিল্লার মুরাদনগর ও আশপাশের এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।