বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হকের পাঠানো এক প্রেস বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই শোক জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অদ্য ভোর ৬ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাগণ এবং সকল সদস্যরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নেতৃবিন্দ বলেন- বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।
তাহার মৃত্যুতে দেশের যে অপূরনীয় ক্ষতি হলো তা কোন কালেই পূরণ হবার নয়। উল্লেখ্য- মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।