যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোড়গাঁতি ব্রীজের রেলিং সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত আহত হয়েছে ১০ জন। আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে হোড়গাঁতী ব্রীজের ওপরে এঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো: আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হোড়গাঁতি ব্রীজের ওপরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ব্রীজের রেলিং সঙ্গে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ জন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়।