কুমিল্লা-সিলেট মহাসড়ককে দ্রুত ফোর লেনে উন্নীত করার দাবিতে বুধবার সকাল ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবরোধে অংশ নেন সাধারণ ছাত্র-জনতা, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। বিক্ষোভকারীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে অবিলম্বে মহাসড়ক প্রসস্তকরণ ও সংস্কারের দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরু ও ভাঙাচোরা সড়ক, যানজট এবং অবৈধ যানবাহনের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।
কাজী হাসান নামে এক বিক্ষোভকারী বলেন, “প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু ফোর লেনে উন্নীত না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। আমরা অবিলম্বে চার লেনের কাজ শুরু করার দাবি জানাচ্ছি।”
অন্যদিকে কাজী নাছির অভিযোগ করেন, “স্কুলে যাওয়া-আসার পথে শিশুরা সবসময় ঝুঁকিতে থাকে। হাইওয়ে পুলিশ কেবল নামমাত্র দায়িত্ব পালন করছে। অবৈধ সিএনজি ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাস্তায় চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ফলে দুর্ঘটনা ও যানজট বাড়ছেই।”
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
গত কয়েকদিনে কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি ও কংশনগর এবং দেবিদ্বারের চরবাকর ও বাড়েরা এলাকায় একাধিক প্রাণঘাতী দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা স্থানীয়দের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, “সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে ভারত সরকারের ঋণ সহায়তা পাওয়া যায়নি। এজন্য ফান্ড সংকটে কাজ বিলম্বিত হচ্ছে। বর্তমানে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।”