ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের অন্তভূক্ত করে নির্বাচন কমিশন পরিপত্র জারি করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।
ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় এবং ঢাকা – খুলনা মহাসড়কের সোয়াদি – মনসুরাবাদে শুক্রবার সকাল ৮টার থেকেই অবরোধ শুরু করে। অবরোধের ফলে দক্ষিণ বঙ্গের প্রবেশ দ্বার হিসাবে খ্যাত ভাঙ্গার উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গের ২১টি জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন ভাঙ্গার উপর দিয়েই চলাচল করে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা গঠিত ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়।
তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের উপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার মানুষ। তারা ফরিদপুর- ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে নেয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুন প্রবর্তনের দাবি জানিয়েছেন।