বগুড়ার সোনাতলা পৌর এলাকার নিত্যনন্দনপুর গ্রামে (১৩ জুন) শনিবার দুপুরে রাস্তার দুই ধারে বিভিন্ন ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে সাড়ে ৭ হাজার বৃক্ষরোপণ করা হবে। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম মাধ্যম। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রধান সহকারী শফিকুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেস বর্মন, নিম্নমান সহকারী আব্দুল ওয়াজিদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, বিএনপি নেতা আহসান হাবীব মোহন, মুশফিকুর আলম সিজু, জহুরুল ইসলাম শেফা, এস এম আব্দুল হাদী, রুহুল আমিন রঞ্জু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অঞ্জনা খান, কৃষক দল নেতা আনিসুর রহমান আনিস এবং বিএনপি নেতা সাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ লিটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।