পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে এসেছে এমভি জাডো নামে আরও একটি জাহাজ।
ইন্দোনেশিয়া থেকে আসা এ মাদার ভ্যাসেলটি বুধবার রাতে এ বন্দরের আউটারে এসে পৌঁছায়। বৃহস্পতিবার কয়লা খালাস করা শুরু হবে। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে।
বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এটি ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।
এদিকে, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে জাহাজটি। এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভায়ারে নেয়া হবে বলেও জানানো হয়েছে।