ঢাকা কারওয়ান বাজার স্থানান্তর করলে আত্মহত্যা করে নিজের জীবন বিসর্জন দেয়ার হুমকি দিয়েছেন কারওয়ান বাজার চিকেন মার্কেটের সভাপতি হাজী মো. লোকমান হোসেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে কারওয়ান বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের সাথে উত্তর সিটি কর্পোরেশনের এক মতবিনিময় সভায় নিজের মত ব্যক্তকালে এ হুমকি দেন ওই ব্যবসায়ী।
লোকমান হোসেন বলেন, কারওয়ান বাজারের একটি মার্কেটকে অন্যদিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ডিএনসিসি। ২০১৩ সাল থেকে আমরা সাধারণ ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনকে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে আসলেও কোন কাজ করেনি তারা। এ পর্যন্ত আমরা ৪৫ কোটি ৬২ হাজার ১৬০ টাকা রাজস্ব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা একটি রংতুলির আচর মার্কেটে দেয়নি। বিশ্বের আধুনিক রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে একটি মার্কেট গড়ে তুলে আমাদের স্থানান্তর করা হোক। আমরা প্রয়োজনে ‘আত্মহুতি দেব’ তারপরও এখান থেকে যাব না।
মোশারফ হোসেন নামে অপর আরেক ব্যবসায়ী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লুটপাট করেছে প্রয়াত মেয়র আনিসুল হক। সিটি কর্পোরেশনের গলার কাটা আমাদের গলায় ঝুলিয়ে দিতে চায়।
কারওয়ান বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আবুল বাশার বলেন, ব্যাংক ঋণ নিয়ে আমরা ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত, দিশেহারা, আমরা কারওয়ান বাজারেই আছি, সেখানেই থাকতে চাই।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এ কারওয়ান বাজারে মাসে একটা করে খুন হতো। এখানে একসাথে তিনটি খুনও হয়েছে। আমার প্রিয় বন্ধু আশরাফও এখানে খুনের শিকার হয়েছে। এসব খুন কিন্তু আমরা আপনাদের সহযোগিতায় বন্ধ করতে সক্ষম হয়েছি। কারওয়ান বাজারে কথায় কথায় চাঁদাবাজি হতো, যারা পাইকারি খুঁচরা বাজার করতেন তারা চাঁদাবাজির শিকার হতেন। যুগের পরিবর্তে দেশে অনেক কিছু হয়েছে। আপনারা দেখছেন কারওয়ান বাজারের পাশে খালি জায়গা দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে চলে যাচ্ছে। ঢাকাকে কিভাবে আরো সুন্দর করা যায় মাননীয় মেয়র সাহেবরা সে চিন্তা করছেন। কাজেই কোন ব্যবসায়ীকে একবারে শেষ করে দিয়ে বা মাটিতে শুইয়ে দিয়ে কিছু করার ইচ্ছা আমাদের নেই।
এদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মাননীয় মেয়র মহোদয়রা স্থানীয় সরকারের অধীনে কাজ করেন। তারা ও স্থানীয় কাউসিন্সরা আমরা সবাই মিলে শহরকে একটি সুশৃঙ্খল শহর বানাতে অঙ্গিকারবদ্ধ।
সভাস্থলেই উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বারবার উত্তেজিত ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক নির্দেশনায় আমি চাই ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর মার্কেট। আমি আপনাদের নিয়েই এটি করতে চাই। আমি আপনাদের নির্বাচিত সিটি মেয়র, আমার এখানে কিছু নেই, সব আপনাদের। আমি চাই আপনাদের সাথে মিলে সুন্দর, নিরাপদ ও আধুনিক বিশ্বের মতো একটি মার্কেট করতে।